ভারতের সঙ্গে বিএনপির আপোসের যে অভিযোগ তুলেছেন জামায়াতের নেতারা সেই অভিযোগ সম্পূর্ণরূপে অপপ্রচার বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। শনিবার (২৪ জানুয়ারি) গুলশানে বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।
ভারতের সঙ্গে আপোস: তাহেরের বক্তব্য অপপ্রচার: মাহদী আমিন
আগের দিন (শুক্রবার) জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লায় এক জনসভায় বলেন, “একটি দল নতুন করে ভারতের সাথে আপোস করে আবার দেশ শাসনের জন্য বাংলাদেশকে বিক্রি করে দিতে চায়। এদেশের মানুষ, ৪ কোটি যুবক এটা হতে দেবে না ইনশাআল্লাহ।”
এ বিষয়ে প্রশ্ন করা হলে, বিএনপি নেতা মাহদী আমিন বলেন, দেখুন একটি রাজনৈতিক দলের খুব প্রভাবশালী একজন নেতা ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে যে দাবিটি করেছেন...তিনি একটি মিডিয়ার কথা বলেছেন। স্বাভাবিকভাবেই তার স্বপক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি; কোনো প্রমাণ উপস্থাপন করতে পারবেনও না।
মাহদী আমিন বলেন, কারণ যে তথ্য মিডিয়ায় এসেছে বলে তিনি দাবি করেছেন, সেটির ন্যূনতম কোনো বাস্তবতা নাই, ন্যূনতম কোনো সত্যতা নাই। তাহলে কি আমরা বলতে পারি যে বিতর্ক তৈরি করার জন্য এটি একটি রাজনৈতিক অপকৌশল, অপপ্রচার? আর যদি উনাকে ভুল তথ্য প্রদান করা হয় বা বিভ্রান্তি ছড়ানোর জন্য করা হয়, তাহলে কি সেটা উনার অজ্ঞতা? আমরা মনে করি এটা অপকৌশল বা অজ্ঞতা। আমরা স্পষ্ট করে বলতে চাই, ভারতের সাথে বিএনপির চুক্তির বিষয়ে যেসব কথা বলা হচ্ছে তা সম্পূর্ণরূপে অপপ্রচার।
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী বলেন, আমরা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বলতে সেটাই বুঝি, যে এখানে ইতিবাচক রাজনীতি হবে, কোনো অপপ্রচার, অপকৌশল, অপরাজনীতি সেটা হওয়া উচিত না।
দেশের স্বার্থ রক্ষায় দলের অবস্থান ও অতীতের কর্মসূচির তুলে ধরে তিনি বলেন, আমরা দেখেছি তিস্তার পাড়ে, পদ্মার পাড়ে পানির ন্যায্য হিস্যার জন্য ধারাবাহিকভাবে বিশাল প্রোগ্রাম করা হয়েছে, সমাবেশ করা হয়েছে; এটি তো বিএনপির রাজনীতি। সীমান্তে ফেলানী হত্যার পরে সবার আগে প্রতিবাদ করেছিল বিএনপি; রাজপথে নেমে এসেছিল বিএনপি।
English